জেএমবি সন্দেহে তিন নারী গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৫:৩৯
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জেএমবি সন্দেহে তিনজন নারী গ্রেফতার হয়েছে। 
 
উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর রেলগেটের উত্তর পাশের শাহীনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামান এসব তথ্য জানান।
 
মঙ্গলবার গভীর রাতে আটক করলেও তাদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার গভীর রাতে জানায় পুলিশ।
 
ওসি আখেরুজ্জামান বলেন, জেএমবির সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গভীর রাতে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর রেলগেটের উত্তর পাশের শাহীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা শাহীনের বাড়িতে ভাড়া থাকতেন।
 
আটকৃতরা হলেন রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)। তাদের বাড়ি উত্তরবঙ্গে বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান ওসি।
 
তিনি বলেন, আটককৃতদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছোরা, মানুষ জবাই করার জিহাদি ভিডিও ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়েছে।
 
এ ব্যাপারে এসআই কুতুব উদ্দিন বাদী হয়ে কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন বলে তিনি জানান।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ঈদের কারণে বিচারিক হাকিম আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ১১ জুলাই শুনানির দিন নির্ধারণ করে তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 
বিডিনিউজ।