ঈদের দিনেই রাজধানীর শাহবাগে শিশু পার্কে মানুষের ঢল নেমেছে। শিশুসহ সব বয়সী মানুষকে দেখা যাচ্ছে শিশুপার্কে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পার্কটি উন্মুক্ত করে দেয়ার পর থেকেই শুরু হয় মানুষের পদচারণা।
ঈদের দিন থেকে পাঁচ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশু পার্ক খোলা থাকবে। তবে ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় শিশু পার্কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৫ টাকা দিয়ে পার্কে প্রবেশ করে প্রতিটি রাইডে মাত্র ছয় টাকা খরচ করে দিনটিকে উপভোগ করছেন বিনোদনপ্রেমীরা।
পার্কে মোটরগাড়ি, রেলগাড়ি, বিমান ও নভোযানে চড়ে অনেকে হই-হুল্লোড় করে আনন্দ করছেন। কেউ জাহাজে, কেউ নাগরদোলায়, কেউ রেলগাড়ি কেউবা আবার পার্কের নিরিবিলি স্থানে আড্ডা দিয়ে সময় পার করছেন।
পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ও রমনায় নানা বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সোহরাওয়ার্দী উদ্যানের ‘স্বাধীনতা জাদুঘর’-এ ঈদ আয়োজন শুরু হবে শুক্রবার থেকে।
