চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৭:২১
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নেমেছে নানা বয়সী দর্শনার্থীদের। ঘন গাছগাছালির মধ্যে খাঁচায় বন্দি হাজারো প্রাণী দেখছেন ও প্রকৃতির ছায়া উপভোগ করছেন তারা।
 
বর্ণিল সাজে শিশু-কিশোর থেকে শুরু করে, তরুণ-তরুণী, নারী-পুরুষ সবাই রয়েছেন এই তালিকায়। ঈদের নতুন পোশাকে শিশু-কিশোরদের পদচারণায় মুখর চিড়িয়াখানা। অনেকে এসেছেন পুরো পরিবার নিয়ে। উপভোগ করেছেন বন্য প্রাণীর দর্শন।
 
সুষ্ঠু পরিবেশে বিনোদন উপভোগের সব ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার কিউরেটর এসএম নজরুল ইসলাম জানান, বিভিন্ন প্রজাতির দুই হাজার ৬৪৭টি প্রাণী আছে। ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। অন্য বছরের তুলনায় এ বছর চিড়িয়াখানার প্রস্তুতি অনেক ভালো। এ বছর নতুন কিছু প্রাণী বাচ্চা দিয়েছে। ময়ূর, জলহস্তী, অজগর, হরিণ এবং জিরাফের বাচ্চা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হবে বলে মনে করছেন তিনি।
 
তিনি বলেন, এ বছর কয়েকটি অতিরিক্ত কাউন্টার করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য কয়েকটি কমিটি করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে গড়ে প্রতদিন ৮০ থেকে ৯০ হাজার দর্শনার্থী হবে বলেও আশা করছেন তিনি।