বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় স্থানীয় এক বিএনপি নেতা ব্যবসায়ী নিজাম উদ্দিন পাইকাড়কে (৫৫) হত্যার পর লাশ গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত নিজাম উদ্দিন পাইকাড় (৫৫) বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইজ পাইকাড়ের ছেলে। শুক্রবার সকাল ১০ টার দিকে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে তার ব্যবসা প্রতিষ্ঠান নিজাম উদ্দিন গিফট কর্নার বন্ধ করে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে বাড়ির কাছাকাছি বাঘোপাড়া ঈদগাহ মাঠের পার্শ্বে গাছের সঙ্গে বাধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় এবং বুকে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তাকে হত্যার পর লাশ মাটিতে বসিয়ে রেখে পরনের লুঙ্গি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, প্রাথমিক ভাবে জানা গেছে কিছুদিন আগে থেকে কে বা কারা নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে হুমকী দিয়ে আসছিল। ঘটনাটি তিনি থানা পুলিশকে অবহিত করেননি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
