ঈদের দিন বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়া বোমা হামলা ও কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনার সময় নিহত ব্যক্তিদের মধ্যে একজন হামলাকারী বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান বৃহস্পতিবার হামলাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে একজন হামলাকারী বলে তারা নিশ্চিত হয়েছেন। তার পোশাকের মধ্যে চাপাতি–জাতীয় অস্ত্র লুকানোর বিশেষ চেম্বার ছিল।’ তিনি আরো বলেন, ‘কড়া নিরাপত্তার কারণেই হামলাকারীরা শোলাকিয়ার ঈদের জামাতের মাঠে হামলা চালাতে পারেনি। বাইরেই হামলা চালিয়েছে।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের মধ্যে দুইজন সন্দেহভাজন হামলাকারী। নিরাপত্তার কারণে হামলাস্থলে এখনো পুলিশ রয়েছে।’
উল্লেখ্য, ঈদের দিন সকাল সাড়ে নয়টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে আজিমউদ্দীন স্কুলের কাছে টহলরত পুলিশের উপর বিস্ফোরণ ও গুলি ছুড়ে হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখেছেন এলাকাবাসী। তারা চাপাতি দিয়ে পুলিশের উপরও হামলা চালায়। এতে ঈদের জামাতের মাঠে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
