উত্তরা অগ্নিকাণ্ড: শিশু মাইশারও মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ২১:১৩
রাজধানীর উত্তরার আলাউদ্দীন মার্কেটে লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মেহনাজ হাসান মাইশারও মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
সম্প্রতি রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আলাউদ্দীন মার্কেটে লিফট ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাইশা দগ্ধ হয়। তার দেহের প্রায় ৫০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। সে মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
এ ঘটনায় মাইশার পিতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানও (৩৬) দগ্ধ হয়ে মারা যান। এ ছাড়া তার ছোট ভাই মোমতাকিনের (৮ মাস) দেহের ২৩ শতাংশ পুড়ে গেছে। সে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
 
এ নিয়ে এ অগ্নিদগ্ধের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়ালো। এর আগে এ দুর্ঘটনায় রেজাউল করিম রানা (৩২), সালমা আক্তার (৪০), কামরুন্নাহার লতা (৩০), মিজানুর রহমান (৫৩), জসিম উদ্দিন রফিক (৩৫) ও মাহমুদুল হাসানের (৩৬) মৃত্যু হয়।
 
গত ২৪ জুন সন্ধ্যায় আলাউদ্দীন মার্কেটে লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে ওই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সেদিন লিফট ছিঁড়ে যাবার পর দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু ও অনেকে আহত হয় ।