শোলাকিয়ায় নিহত আবিরের কুমিল্লার গ্রামের বাড়িতে পুলিশ

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ২১:২৭
কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহ মাঠের অদূরে পুলিশের ওপর হামলাকারী নিহত ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র  আবির রহমানের (১৯) গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ  নিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
 
শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের বাড়িতে গিয়ে আবিরের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। নিহত আবির রহমান ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার রোড নং ৪, ব্লক ডিতে ৫১/এ আবিরের বাসা। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ ভাইয়ের মধ্যে আবির ছিল সবার ছোট। বড় ভাই ও বাবা ঢাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদারীর সাথে জড়িত।  মেজো ও সোজো ভাই প্রবাসী।  আবির প্রায় ৮ মাস আগে রাজধানীর বসুন্ধরার বাসা ছেড়ে যায়। আবিরের জন্মও ঢাকার বাসায়। ছোট বেলায় সে ২-১ বার বাড়িতে আসলেও পরবর্তীতে আর কখনোই বাড়িতে আসনেনি। বাবা সিরাজুল ইসলাম কখনো জরুরি প্রয়োজনে বাড়ি আসলেও পরিবারের অন্য সদস্যরা কখনোই বাড়ি আসেনি। পুলিশের ওপর হামলার পর গুলিতে কুমিল্লার দেবিদ্বারের আবির রহমান নিহত হয়েছে এলাকাবাসী এমন খবর শুনলেও জানতো না কে এই আবির। কিন্তু শুক্রবার সন্ধ্যার দিকে দেবিদ্বার থানা পুলিশ বাড়িতে যাওয়ার পরই গ্রামের লোকজন বিষয়টি জানতে পারে।
 
নিহত আবিরের চাচা সহিদুল ইসলাম জানান, বাড়িতে পুলিশ আসার পরই জানতে পেরিছি আমার ভাতিজা আবির গুলিতে নিহত হয়েছে। বাড়ির সাথে ওই পরিবারের তেমন কোন যোগাযোগ ছিল না। ভাই সিরাজুল ইসলাম বছরে ২-১ বার গ্রামে আসতেন।
 
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান, বিকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের ফোন পেয়ে আবিরের বাড়িতে যায়। কিন্তু নিহত আবিরের পরিবারের লোকজনের সাথে বাড়ির স্বজনদের কোন যোগাযোগ না থাকায় তারা আবির সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।