হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে ৩ চা শ্রমিক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১২:১১
হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে তিন চা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আমতলী চা বাগানের শ্রমিক সঞ্জয় উড়া (২২) ও তার ভাই দ্বিপক উড়া (১৪) এবং প্রতিবেশী দুর্গার মেয়ে রজনী (১১)।
 
এ ঘটনায় আহত হয়েছেন বিল্পব (১৪)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়।
 
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।