ভারতের মিলখা সিং, মেরি কম থেকে মহাবীর ফোগট- কৃতী খেলোয়াড়দের জীবন পরপর উঠে আসছে বলিউডের পর্দায়। এ বছরও এখন সিনেদুনিয়া মাত করছে খেলা নির্ভর ছবি ‘সুলতান’। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে আমির খানের ‘দঙ্গল’। এদিকে প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনকে নিয়েও ছবি হয়েছে। ছবি হচ্ছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও। বলিউডি সিনেমার এই আবহেই নিজের বায়োপিকে সালমান খানকেই চাইলেন প্রাক্তন পাক বোলার শোয়েব আখতার।
খেলা থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হল। তবে ধারাভাষ্যকার হিসেবে এখন ভারতে বেশ জনপ্রিয় তিনি। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে বীরেন্দ্র শেবাগের সঙ্গে তার ধারাভাষ্য চুটিয়ে উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। এক কমেডি শোয়ে বিচারক হিসেবেও দেখা যাবে তাকে। সেখানে তার সঙ্গী হিসেবে দেখা যাবে হরভাজন সিংকেও। ছোটপর্দায় ভারতে তিনি বেশ পরিচিত মুখ। এবার কি তাকে নিয়ে সিনেমাও হতে চলেছে।
শোয়েব জানান, সেটা অবশ্য তিনি জানেন না। তার ফ্যান বা মানুষ যদি তার চরিত্রকে ইনস্পায়ারিং বলে মনে করেন, তবে সিনেমা হতেই পারে। তবে সেটা ঠিক করবে অন্য কেউ। তিনি বরং ঠিক করছেন, কে তাকে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। আর এক্ষেত্রে তার পছন্দ সালমান খানকে।
স্পোর্টসম্যান হিসেবে ‘সুলতান’ ছবিতে ইতোমধ্যেই যথেষ্ঠ জনপ্রিয়তা কুড়িয়েছেন সালমান। 'সুলতান' মুক্তির প্রথম দু’দিনের ইঙ্গিতই জানান দিচ্ছে ছবির সাফল্যও হতে চলেছে আকাশছোঁয়া।
এদিকে, মাঠ ও মাঠের বাইরে শোয়েবের যা মেজাজ ও ইমেজ, তাতে সালমানই যে শোয়েবের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে উপযুক্ত ব্যক্তি হবেন তা বলাই বাহুল্য। সালমান নিজে অবশ্য এখনও শোয়েবের এই ইচ্ছের কোনও জবাব দেননি। তবে শোয়েবের ইচ্ছেপূরণ হলে লাভবান হবেন ক্রিকেটপ্রেমী ও সিনেপ্রেমীরাও।
