ট্রায়ালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বর্তমান অলিম্পিক ও বিশ্ব স্প্রিন্ট চ্যাম্পিয়ন উসাইন বোল্টের রিও অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তারপরেও জ্যামাইকা তাদের রিও অলিম্পিক দলে এই গতি তারকাকে বাইরে রাখতে পারেনি। স্থানীয় গণমাধ্যমগুলোর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, জ্যামাইকা অলিম্পিক অ্যাসোসিয়েশন আসন্ন অলিম্পিকের জন্য ১০০ ও ২০০ মিটার ইভেন্টে চারজনের তালিকায় বোল্টের নাম অন্তর্ভুক্ত করেছে। জ্যামাইকা এ্যাথলেটিক্স এ্যাডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন (জেএএএ) নির্বাচক কমিটি এই তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে থেকে ব্রাজিলে প্রতি ইভেন্টে তিনজন করে রানার জ্যামাইকাকে প্রতিনিধিত্ব করতে পারবেন। চূড়ান্ত লাইন-আপ রিও’র দলীয় ব্যবস্থাপনা ঠিক করবে।
১০০ মিটার সেমিফাইনালের হিটে জয়লাভ করার পরে ইনজুরির কারণে বোল্ট জ্যামাইকান চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু আগেই জ্যামাইকান দলের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় বোল্টকে অলিম্পিক দল থেকে আপাতত বাদ দেয়া হয়নি। টানা তৃতীয়বারের মত ১০০, ২০০ ও ৪ গুণিতক ১০০ মিটার রিলের স্বর্ণ পদকের জন্য বোল্ট রিওতে লড়াইয়ে নামবেন বলে সকলে আশাবাদী। তবে তার আগে নিজের ফিটনেসের যথাযথ প্রমাণ দিতে হবে। আগামী ২২ জুলাই থেকে লন্ডনে ডায়মন্ড লীগে বোল্টের সামনে সেই সুযোগ রয়েছে। জেএএএ’র আইনানুযায়ী বোল্টকে মেডিকেল বোর্ডের ট্রায়ালে আগে নিজেকে ফিট প্রমাণ করতে হবে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সে হালকা অনুশীলন শুরু করেছেন এই গতি তারকা।-বাসস।
