চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৩:১৪
 
চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. আরিফ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বন্ধু রাজুর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন আরিফ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আরিফ মারা যান।
 
জানা যায়, আরিফের বাড়ি চান্দগাঁও থানার মোহরায়। নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় তিনি থাকতেন। বন্ধু রাজুর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। চান্দগাঁওয়ের খরমপাড়া এলাকায় ভাড়া বাসায় রাজু থাকতেন। আরিফ ও রাজু পেশায় দিনমজুর।
 
চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, ঈদুল ফিতরের দিন রাতে লুডু খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাজু আরিফের কোমড়ে ছুরিকাঘাত করে। আরিফকে দ্রুত চমেক হাসপাতালে নেয়া হয়।  অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শনিবার তিনি মারা যান।