কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় কামাল্লা হিলফুল ফুজুল (শান্তিসংঘ) নামে একটি সংগঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টায় জঙ্গিদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কামাল্লা উত্তর পাড়া দ্য ইহসান একাডেমিতে অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটকের পর তাদের কুমিল্লার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আটকরা হলেন, উপজেলার আলগী গ্রামের ঢাকা গাজিপুর মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক আব্দুল বাহার (২৩), উপজেলার কামাল্লা গ্রামের মাদরাসা ছাত্র আব্দুল মোমেন (২২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের উমর ফারুক (২২)। তিনি চুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্টিক এন্ড ইলেকট্টনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
