উল্লাপাড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৩:৫৪
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচরা নামক স্থানে আম বোঝাই ট্রাকের চাপায় একই গ্রামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি লক্ষীপুর গ্রামের আব্বাস আকন্দের ছেলে মজনু মিয়া (৪৫), একই গ্রামের মৃত দেরাজ উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৪০)।
 
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী একটি আম বোঝাই ট্রাক হরিণচরা বাজারের কাছে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মজনু মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় তৌহিদুলকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সময় রাস্তায় তিনি মারা যান।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।