ঈদে উল্লাপাড়ার দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড়

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:০২
ঈদ উদযাপনের অংশ হিসেবে দু’দিন ধরে উল্লাপাড়ায় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত করতোয়া নদীর ওপর সোনতলা সড়ক সেতু, ঘাটিনা রেল সেতুর পাশের সড়ক সেতু ও চড়–ইমুড়ী রিয়া-রুপন শিশু পার্কে ভ্রমণ পিপাসু নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 
 
প্রাইভেটকার, মাইক্রো, ভটভটি, নছিমন, অটোরিকশা, অটোভ্যান ও মোটরসাইকেল নিয়ে লোকজন বেলা ৩টার পর থেকেই ছুটছে এসব দর্শনীয় স্থানে। সবচেয়ে বেশি লোক সমাগম হচ্ছে করতোয়া নদীর ওপর নব নির্মিত সোনতলা সেতু এবং নদীর দু’পাশের বাঁধানো চত্বরে। এখানে শিশু ও নারীদের উপস্থিতি বেশি চোখে পড়ছে। 
 
উল্লাপাড়ার বাইরে থেকে ঈদ উদযাপন উপলক্ষে গ্রামের বাড়িতে আসা শিশু মিতু ও ঋদি জানায়, সোনতলা সেতুতে এসে তাদের খুব ভাল লাগছে। ঢাকায় অনেকটা বন্দি জীবনের মতো থাকতে হয়। ভরা নদীর পাড়ে দাঁড়িয়ে তারা খুব আনন্দ অনুভব করছে। আগামী ঈদেও এই দর্শনীয় স্থানে তারা আবার আসার আশা ব্যক্ত করে। দর্শনীয় স্থানগুলোতে উৎসাহী তরুণ-তরুণীদের মোবাইল ফোনে সেলফি তোলার যেন হিড়িক পড়েছে। সবাই ব্যস্ত ছবি তুলতে। রাত প্রায় ৮টা পর্যন্ত এসব স্থানে আনন্দ উৎসবে মাতছেন নারী-পুরুষ।