বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৭:২৯
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তারাজুল ইসলাম মারা গেছেন।
 
ঢাকা স্কয়ার হাসপাতালে শনিবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। শনিবার ভোরে নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
 
জানা গেছে, ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম গাবতলী উপজেলার আটবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি চেয়ারম্যানের শয়নকক্ষের জানালায় আঘাত করতে থাকেন।
 
শব্দ পেয়ে চেয়ারম্যানের স্ত্রী ঘুম থেকে জেগে জানালা খুলে দেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান। পরে চেয়ারম্যান তারাজুল ইসলাম বিছানা থেকে মাথা উঁচু করতেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
 
দ্রুত তাকে প্রথমে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  এরপর সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক অপারেশন করে তার মাথা থেকে গুলি বের করতে ব্যর্থ হন। পরে লাইফ সাপোর্টে রাখা হয় তারাজুল ইসলামকে। বিকেল তিনটার দিকে তিনি মারা যান।
 
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।