প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সেমিফাইনালে ওঠে ওয়েলস। সেখানেও দারুণ খেলে বিদায় নিতে হয় দলটিকে। দেশটির ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য।
তাই দেশে ফেরার পর গ্যারেথ বেলদের রাজকীয় সংবর্ধনা দিয়েছে ওয়েলস।
পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর শনিবার দেশে ফেরে ওয়েলস ফুটবল দল। বিমান বন্দর থেকে শুরু করে কার্ডিফের পুরো রাস্তা জুড়েই ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়।

দেশের ফুটবলারদের এক পলক দেখতে এদিন হাজির হয় হাজারো ফুটবলপ্রেমী।
এসময় দোতলা খোলা বাসে চড়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিতে থাকেন বেল-রামসিরা।

