শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে ভয়াবহ বোমা হামলার ঘটনায় আটক শফিউলের পিতা বিএনপি'র একজন সক্রিয় কর্মী।
পুলিশ এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শফিউলের পিতা বিএনপি'র একটি উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচিতে সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিল। পুলিশ জানায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মোড়াপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে শফিউল। আবদুল হাই বিএনপি'র ঘোড়াঘাট উপজেলা শাখার একজন কট্টর সমর্থক। তার নামে আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ডের চার্জশীট রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ২০১৪ সালের ৯ এপ্রিল স্থানীয় বিএনপি-জামায়াত ও সরকারি দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবদুল হাই সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেয়ায় তার নামে চার্জশীট প্রদান করা হয়।
এই ঘটনায় স্থানীয়ভাবে তৈরি ধারালো চাকুসহ বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের ও পরে চার্জশীট প্রদান করে। এই মামলার ১৫০ জনের মধ্যে আবদুল হাই অন্যতম। দিনাজপুর আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম চলছে। আবদুল হাই গত দুই বছর যাবত আদালত থেকে কোন জামিন না নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, 'ঢাকা বিভাগে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই আগে বিএনপি ও জামায়াতের সঙ্গে জড়িত ছিল। তারা জেএমবি ও অন্যান্য দেশীয় জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত ছিল।' খবর- বাসস।
