রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৯:৪৪
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন শনিবারও রাজশাহী নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়। ঈদের দিন বিকেল থেকেই নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে। যা শনিবারও অব্যাহত ছিল।
 
নগরীর প্রধান বিনোদনকেন্দ্র, পদ্মার ধার, শহীদ এএইচএম  কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শহীদ জিয়া শিশু পার্কে সকাল থেকেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। রং বেরঙের পোশাক পড়ে পরিবার পরিজন, তরুণ-তরুণী ও শিশু-কিশোরসহ সকল শ্রেণির মানুষ ছুটে আসেন বিনোদন কেন্দ্রগুলোতে।
 
ঈদের তৃতীয় দিন শনিবার রাজশাহীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে সরেজমিন ঘুরে দেখা যায়, বন্ধু-বান্ধবের সাথে ছবি তোলা, প্রিয়জনের সাথে হাঁটা, নৌকায় ঘুরে বেড়ানো নিয়ে যেন মেতে উঠেছে। পানিতে পা ডুবিয়ে কেউ চলেছে পদ্মার নতুন পানিতে নৌকা ভ্রমণে। আবার আদরের ছোট্ট সন্তানটিকে নিয়ে এসেছেন মজার মজার খেলাঘর দেখাতে।
 
রাজশাহীর প্রধান বিনোদন কেন্দ্র বড়কুঠি পদ্মার পাড় ও বিজিবির সীমান্ত অবকাশ নোঙ্গর এলাকায় দেখা যায় বিনোদন পিয়াসীদের ঢল। অনেকদিন ব্যস্ত থাকার পর পরিবার পরিজনদের নিয়ে বেড়ানোর সুযোগ পেয়ে আনন্দের অনুভূতি জানালেন তারা।
 
এদিকে শহীদ এএইচএম  কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় সকাল থেকেই বিনোদনপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। নগরীর নওদাপাড়া সংলগ্ন শহীদ জিয়া শিশু পার্কেও বিনোদন প্রেমীদের ভিড়। পছন্দের রাইড আর মন মাতানো আকর্ষণ দেখতে বিকেল হতে না হতেই লাইন লেগে যাচ্ছে টিকিটের জন্য।