যে কোন সংকট শক্ত হাতে প্রতিহত করতে হবে: নাসিম

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২২:১২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি জঙ্গি বা যে কোন সংকট শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, 'আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আহূত সাম্প্রদায়িকতা বিরোধী জমায়েতে অংশগ্রহণ করে জঙ্গিদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।' মন্ত্রী শনিবার স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উল্টোরথ যাত্রা পর্যন্ত ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
এতে উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, আওয়ামী লীগ নেতা ডা. দীলিপ রায় প্রমুখ। সভাপতিত্ব করেন শ্রী যশোদানন্দ আচার্য।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর হত্যার পর জেনারেল জিয়া দেশকে পিছনের দিক ফেরাতে চেয়েছেন। শেখ হাসিনা দেশের হাল শক্ত করে ধরে তা হতে দেননি। আমরা নির্বাচন দিতে চেয়েছিলাম। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় বিএনপিকে ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু বেগম জিয়া সে কথা না শুনে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলেন।'
 
মাহবুবুল আলম হানিফ বলেন, 'সকল ধর্মের মধ্যে কল্যাণ লুকিয়ে আছে। জগন্নাথ দেবের রথযাত্রা সকল অন্ধকারকে দূরীভূত করে সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে। শেখ হাসিনা তাই চান।' তিনি বলেন, 'আমরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছিলাম। গুলশানে বিদেশী হত্যা এবং শোলাকিয়ায় মুসলমানদের উপর হামলা হয়েছে। আমরা এসব ভয় করি না। কারণ, যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি।'