ভারতে ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে (আইআরএফ) বিদেশি সহায়তার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ঢাকায় হামলার পর তার বক্তব্য নিয়ে সন্দেহের সৃষ্টি হওয়ায় এই নির্দেশ দেয়া হয়।
অভিযোগ আছে, আইআরএফ বিদেশ থেকে পাওয়া তহবিল রাজনৈতিক কার্যক্রমে ব্যয় করছে এবং যুবকদের সন্ত্রাসের দিকে টানছে। এ ধরনের কার্যক্রম ভারতীয় আইনে অবৈধ। এই অভিযোগের তদন্ত করছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মহারাষ্ট্র সরকার কর্তৃক জাকির নায়েকের বক্তব্য তদন্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও তার বক্তব্যের তদন্ত করবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার বলেন, আমরা জাকির নায়েকের বক্তব্যের বিষয়ে তদন্তের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তার বক্তব্যের সিডি পরীক্ষা করা হচ্ছে। এ নিয়ে যেহেতু সরকার উদ্বিগ্ন সেহেতু সন্ত্রাসের বিষয়ে কোনো সমঝোতা করা হবে না। এক্ষেত্রে যা করা দরকার তা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জাকির নায়েকের এনজিও আইআরএফ’র বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, জাকির নায়েক প্রতিনিয়ত পিস টিভিতে যে বক্তব্য দেন তা ভারতের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং তা উদ্বেগজনক। ড. জাকির নায়েকের পিস টিভি দুবাই থেকে সম্প্রচার করা হয় এবং ভারতে প্রচার করা নিষিদ্ধ। কিন্তু কিছু ক্যাবল টিভি সেটি সম্প্রচার করে। জাকিরের অনেক বক্তব্য ইউটিউবেও পাওয়া যায় যেগুলো সরাতে সরকার নির্দেশ দিয়েছে। জাকিরের ব্রিটেন এবং কানাডায় নিষিদ্ধ। সম্প্রতি বাংলাদেশ সরকারও তার ভিসা নাকচ করে দেয়।
পিস টিভির বিষয়ে সিদ্ধান্ত আসছে : তথ্যমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট পিস টিভির সম্প্রচার বন্ধের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি প্রয়োজন।
আজ রবিবার অনুষ্ঠেয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উত্থাপন এবং এর সম্মতি নেয়া হতে পারে। তথ্যমন্ত্রী বলেন, এই টিভি সম্পর্কে কিছু অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের অফিস খুললেই কাজ শুরু হবে। দুই একদিনের মধ্যেই এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।
