দু'দিনের সফরে ঢাকায় নিশা দেশাই

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১১:৩৯
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ রবিবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিশা দেশাইয়ের সঙ্গে সফর করছেন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ। ঢাকা সফর শেষে নিশা দেশাই শ্রীলঙ্কা সফরে যাবেন।
 
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থানকালে নিশা দেশাই স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন।
 
সূত্র জানান, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই গত ১ জুলাই গুলশানে হামলার ঘটনা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি এই হামলার ঘটনা তদন্তে মার্কিন সহায়তার প্রস্তাব দেবেন। এ ছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশে কর্মরত মার্কিনিদের নিরাপত্তা নিয়েও কথা বলবেন তিনি।
 
গত ২৫ এপ্রিল ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ৫ ও ৬ এপ্রিল বাংলাদেশ সফর করেন নিশা দেশাই।