পাবনায় সন্দেহভাজন দুই জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১১:১২
পাবনার সুজানগরে সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- জেলার সুজানগর উপজেলার গগনপুর এলাকার মো. সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওমর ফারুক (২৬)।
 
সুজানগর থানার ওসি নুর ইসলাম জানান, সুজানগর পৌরসভার পালপাড়া মহল্লায় সানাউল্লাহর বোনের বাড়িতে শনিবার রাতে গোপন বৈঠক করছিলেন সানাউল্লাহ ও ওমর ফারুকসহ আরো অন্তত ১৫ জন। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক দুইজন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য বলে ধারণা করা হচ্ছে।
 
ওসি আরো জানান, এ ঘটনায় এসআই জাকারিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।