শিবপুরে চিনাদী বিলে মানুষের ঢল

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১২:৩২
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার চিনাদী বিলে নেমেছে মানুষের ঢল। ঈদের দিন থেকে আজ রবিবার পর্যন্ত চিনাদী বিলে আনন্দ উপভোগ করতে হাজার হাজার মানুষদের ভিড় করতে দেখা গেছে। আশপাশে কোন বিনোদন কেন্দ্র না থাকায় বিলটি এখন পর্যটকদের কাছে আকর্যণীয় হয়ে উঠেছে। শিবপুর উপজেলার দুলালপুরে ঐতিহ্যবাহী এই চিনাদী বিল। শিবপুর উপজেলাসহ, নরসিংদী, পলাশ, মনোহরদী, বেলাব, রায়পুরা, পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া, কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। ফলে আনন্দ উপভোগ করতে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ এখানে বেড়াতে আসে। দুই ঈদ, বৈশাখ, পূজা, কির্তন ছাড়াও অন্যান্য সময়ে মানুষ এখানে ঘুরতে আসেন। 
 
চিনাদী বিলটি পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তুলতে নরসিংদী জেলা ও শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলটির সৌন্দর্য্য বৃদ্ধি করতে ইতিমধ্যে উন্নয়ন কাজ করা হচ্ছে। সম্প্রতি এলাকাটিকে “স্বপ্ন চিনাদি” নাম দেয়া হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নাম করণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
 
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই বিলটি। এর সৌন্দর্য্য উপভোগ করতে হাজার হাজার মানুষ এখানে এসে থাকেন। ফলে বিলটি পর্যটকদের জন্য উপযুক্ত করে তুলতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন কাজ করা হচ্ছে। বিলের পাড়, গাড়ি পার্কিং, রাস্তা, ও রেস্ট হাউজ নির্মাণ কাজ চলছে। IMG0
 
ঈদের দিন থেকে তিনদিন সরজমিনে গিয়ে দেখা গেছে, চিনাদী বিলে আনন্দ উপভোগ করতে হাজার হাজার মানুষ আসছেন। বিলে নৌকা, কোসা, স্পিড বোটে উঠে আনন্দ উল্লাস করছে শিশুসহ তরুণ-তরুণীরা। বিলের পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন পণ্যের দোকান-পাট। ফলে বেচা-কেনাও বেশ জমে উঠেছে।
 
এছাড়া এই বিলের মাছ বেশ সুস্বাদু। ফলে বিলের মাছ বিক্রি করে শতশত জেলে জীবিকা নির্বাহ করছেন।