জঙ্গিদের জামিনে কঠোর হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:৪৩
 
জঙ্গিদের জামিনের বিষয়ে বিচারকদের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জঙ্গিদের বিষয়ে আনা মামলার প্রচলিত আইনেই বিচার সম্ভব। জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।
 
রবিবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
 
সাংবাদিকদের এক প্রশ্নে সাম্প্রতিক হামলাগুলোতে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বার বার নাম আসা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এখনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আসেনি। যারা অপরাধ করছে তাদের বিষয় দেখা হচ্ছে। 
 
এক প্রশ্নে তিনি বলেন, জঙ্গিবাদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই।
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদের জামাতের পাশে দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, জঙ্গিরা জামিনে বের হয়ে এসে ফের একই কাজে জড়িয়ে পড়ছে। আইনমন্ত্রী জঙ্গিদের জামিনের বিষয়ে বিচারকদের কঠোর হওয়ার আহ্বান জানান। 
 
তিনি বলেন, জঙ্গিদের জামিনের ক্ষেত্রে সব কিছু বিবেচনা করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিচার বিভাগের দায়িত্বের কথা মনে রেখে জঙ্গিদের জামিন দেয়ার ক্ষেত্রে কঠোর হতে হবে।
 
আনিসুল হক বলেন, বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ্য রেখে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে বিচার বিভাগকে তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।
-বাসস