বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'সরকার জনগণের ইচ্ছাকে পছন্দ করে না। বর্তমান উগ্রবাদীদের সৃষ্ট জাতীয় দুর্যোগ মোকাবেলায় ঐক্যের আহবানকে আমলে নেয়নি। বরং তাদের চিরাচরিত বিরোধী রাজনীতিদের প্রতি ‘দোষারোপের খেলা’ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। জঙ্গি তৎপরতার জন্য সরকারই দায়ী।'
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জঙ্গিবাদ নয়, সরকার বিএনপিকে নির্মূল করার পুরোনো পরিকল্পনা বাস্তবায়ন করছে। সরকারের কর্মকাণ্ডে এটা সুস্পষ্ট যে বর্তমানে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতার পথপ্রদর্শক হচ্ছে আওয়ামী শাসকগোষ্ঠী। এরা ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদী অশুভ শক্তিকে জিইয়ে রাখতে চাইছে। কারণ, এদের রক্তক্ষয়ী কর্মকাণ্ডের দিকে জনগণের দৃষ্টি নিবদ্ধ থাকলে সরকারের প্রতি পদত্যাগের চাপ কমে যাবে। তাই সরকার জঙ্গিবাদী তৎপরতায় নিজেদের হালকা বোধ করে।
বিএনপির এই নেতা বলেন, এবারের ঈদ উৎসব মানুষকে আনন্দে উচ্ছাসিত করতে পারেনি। ঈদের আগে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, জঙ্গিবাদের নামে মানুষ হত্যার মধ্যে দিয়ে দেশে অরজকতা সৃষ্টি হয়েছে। যা সকলকে স্তম্ভিত করে দিয়েছে। মানুষের ঈদ কেটেছে হাড়-হীম করা ভয়ে আতঙ্কে।
সংবাদ সম্মেলনে আমরা দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সারাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইউনুছ মৃধা প্রমুখ।
