গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলা ও ঈদের দিন শোলাকিয়া মাঠের অদূরে হামলার ঘটানাসহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘বিশেষ’ বৈঠকে বসেছে সরকারের আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি।
রবিবার বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হওয়া এ বৈঠকে ১২টি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকেন।
শিল্প মন্ত্রী আমির হোসনে আমুর সভাপতিত্বে এ বৈঠকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত রয়েছেন।
এছাড়া পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন এ বৈঠকে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি তাদের নিয়মিত বৈঠক নয়।দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিশেষ বৈঠক হচ্ছে বলে জানা গেছে।
