বগুড়ার গুলিবিদ্ধ চেয়ারম্যান লাইফ সাপোর্টে

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৫:৫৬
 
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গুলিবিদ্ধ তারাজুল ইসলাম লাইফ সাপোর্টে আছেন। শনিবার তার মারা যাওয়ার খবর শোনা গিয়েছিল।
 
শনিবার রাতে তারাজুল ইসলামের অস্ত্রোপচার বগুড়ার একটি ক্লিনিকে সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তিনি শঙ্কামুক্ত কি না চিকিত্সকরা জানাতে পারবেন বলে তার পরিবারকে জানিয়েছেন।
 
এর আগে শনিবার বিকাল তিনটায় লাইফ সাপোর্ট দিয়ে বগুড়ায় পাঠায় ঢাকার স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ আজম খান জানিয়েছিলেন, তারাজুল ক্লিনিকাল ডেথ। তবে শনিবার রাতে তারাজুলকে লাইফ সাপোর্ট দিয়ে বগুড়ায়  আনা হলে শেষ চেষ্টা হিসেবে বগুড়ার ফাতেমা ক্লিনিকে নেয়া হয় এবং সেখানে রাত পৌনে একটা পর্যন্ত অস্ত্রোপচার করেন চিকিত্সকরা ।
 
শনিবার দিবাগত রাত একটায় গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. গুশান্ত ও ডা. ফরিদের নেতৃত্বে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।
 
এর আগে রাত নয়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে লাইফ সাপোর্ট দিয়ে একটি অ্যাম্বুলেন্সযোগে গুলিবিদ্ধ তারাজুল ইসলামকে বগুড়ায় আনা হয়। নেয়া হয় ফাতেমা ক্লিনিকে। পরে শেষ চেষ্টা হিসেবে সেখানে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। সোয়া দুই ঘণ্টা ধরে অস্ত্রপচার করে তার মাথা থেকে একটি গুলি বের করা হয়।
 
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত জানালা দিয়ে তারাজুলের শয়নকক্ষে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।