পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন বাঁহাতি এই পেসার। আবারও সেই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফিরছেন ২৪ বছর বয়সী এ পেসার।
তবে তার ফিরে আসায় খুশি নন সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান। তিনি মনে করেন, আমিরকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল। আমির লর্ডসে ফিরছেন- এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এ লেখা এক কলামে সোয়ান বলেন, ‘আমির বৃহস্পতিবার লর্ডসের সবুজ এবং ঐশ্বর্যময় টার্ফে হাঁটবেন। তার উপস্থিতিতে আমি অসুস্থ হয়ে পড়ব। ২০১০ সালে ফিক্সিং কেলেঙ্কারির কারণে তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল। আপনি কতটা ভালো সেটা বিষয় না। আপনি যদি টাকার জন্য আপনার আত্মাকে বিক্রি করে দেন, তাহলে আপনি আর ভালো থাকলেন না।’
