জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ান : যুবলীগ চেয়ারম্যান

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৮:১৯
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদী ষড়যন্ত্রকে রুখে দেয়ার জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি। তরুণ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার স্বার্থেই রাষ্ট্রবিরোধী এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে।
 
যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আহুত এবং ১৩ জুলাই যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশ ও যুব মহাসমাবেশ সফল করার জন্য জন্য এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
 
তিনি বলেন, সম্প্রতি গুলশান ও কিশোরগঞ্জের সোলাকিয়ায় ঈদের জামাতকে ঘিরে যে নারকীয় হামলা সংঘটিত হয়েছে এই পরিস্থিতিতে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা মনে করি- শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়নের আলোকে এবং তার সাহসী, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে। যা বাংলাদেশবিরোধী দেশি-বিদেশি শক্তির গাত্রদাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী এই অপশক্তি উঠতি বয়সী কোমলমতি তরুণদের ধর্মীয় অপব্যখ্যায় বিভ্রান্ত করে জঙ্গি বানিয়ে তাদের মরণের দিকে ঠেলে দিচ্ছে।
 
যুবলীগ চেয়ারম্যান বলেন, এই পথ ইসলামের পথ নয়, এই পথ ধংসের পথ। এই পথ থেকে বিভ্রান্ত তরুণদের ফিরিয়ে আনতে হবে। তাই আমরা বিভ্রান্ত তরুণদের আহ্বান জানাই- অপশক্তির ফাঁদে পা না দিয়ে শান্তির পথে ফিরে আসুন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সঠিক পথে ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন তার এই সংবেদনশীল আহ্বানে সাড়া দিয়ে পরিবার এবং সমাজকে দায়িত্বশীয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি।
 
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন  ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,  প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, শিক্ষ-প্রশিক্ষণ সম্পাদক মিজানুল ইসলাম মিজু, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আহম্মেদ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ। 
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করার লক্ষ্যে যুবলীগ আগামী ১৬ জুলাই দেশের সকল উপজেলা এবং ২০ শে জুলাই দেশের সকল জেলা শহরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ করবে। 
 
জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গলসচেতনতা তৈরি করতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ৫৭টি ওয়ার্ডে ৫৭ রিকশায় ৫৭ টি মাইকে প্রচারণার পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী শুভ উদ্ভোধন করেন।