ডোপিং কেলেঙ্কারির কারণে রিও অলিম্পিকে রাশিয়াকে আগেই নিষিদ্ধ করেছিলো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনস (আইএএএফ)। তাই আসন্ন অলিম্পিকে রাশিয়ার কোন খেলোয়াড়ই অংশ নিতে পারবে না, এটা নিশ্চিতই ছিলো।
তবে রবিবার এক বোর্ড সভায়, রাশিয়া থেকে একজন লং জাম্পারকে রিও অলিম্পিকে খেলার অনুমতি দিলো অ্যাথলেটিক্স গভর্নিং বডি।
এক বিবৃতিতে আইএএএফ জানায়, ‘আইএএএফ ডোপিং পরীক্ষার পর বোর্ড আজ সিদ্বান্ত নিয়েছে রাশিয়ার লং জাম্পার ডারি ক্লিসহিনা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা রাখে। রাশিয়ার অ্যাথলেটদের অনুমতি দেয়ার জন্য ব্যক্তিগতভাবে ১৩৬টি আবেদন পেয়েছে ডোপিং পরীক্ষা বোর্ড।’
এ ব্যাপারে রাশিয়া অলিম্পিক কমিটি জানায়, ‘সবার আবেদনই বাতিল করা হয়েছে। শুধুমাত্র রিও অলিম্পিকের জন্য ক্লিসহিনাকে গ্রহণ করা হয়েছে। তবে এখনো ৬৮জন প্রতিযোগী রিও’তে খেলার জন্য ছাড়পত্র পাওয়ার আশা করছে।’
