শোলাকিয়ায় হামলার ঘটনায় মামলা

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৯:০৫
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।
 
রবিবার বিকালে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
 
ঘটনাস্থল কিশোরগঞ্জ সদর এলাকায় হলেও ওইদিন সেখানে নিরাপত্তা চেকপোস্টের প্রধান ছিলেন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন।
 
দুই আসামি হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের আব্দুল হাইয়ের ছেলে শরীফুল ইসলাম ওরফে শফীউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) এবং কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশার আব্দুস ছাত্তারের ছেলে জাহিদুল হক ওরফে তানিম (২৪)।
 
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আসামী শরীফুল ইসলাম বর্তমানে র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। অপর আসামি জাহিদুল হক কিশোরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। অতি দ্রুত আসামিদের আদালতে তোলা হবে।
 
ওসি বলেন, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পুলিশ ও জনগণের উপর সশস্ত্র হামলা চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামানকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।