পাকিস্তানের ব্যাটিং নিয়ে চিন্তিত ওয়াসিম

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৯:০৯
চলমান ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যাটিং নিয়ে চিন্তিত দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। কিংবদন্তী এ ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে পেসার মোহাম্মদ আমিরের ফেরার বিষয়ে মোটেই চিন্তিত নন, কিন্তু আসন্ন সিরিজে পাকিস্তানী ব্যাটসম্যানরা কন্ডিশনের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে সে বিষয়ে নিশ্চিত।
 
৫০ বছর বয়সী আকরামের বিশ্বাস আগামী বৃহস্পতিবার লর্ডস টেস্ট দিয়ে শুরু হওয়া চার ম্যাচ সিরিজে ইংল্যান্ড পেসাররা প্রচুর স্যুয়িং পাবেন এবং পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব দ্রুতই এর সঙ্গে মানিয়ে নেবে আশা করছেন তিনি।
 
অস্ট্রেলিয়া ক্রিকেট ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে আকরাম বলেন, ‘প্রথম টেস্টে ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন না থাকলেও আমার দু:শ্চিন্তার বিষয় পাকিস্তানের ব্যাটিং। পায়ের টেকনিক না জানলে এ ধরনের কন্ডিশনে ইংল্যান্ড বোলারদের বিপক্ষে যে কোন ব্যাটসম্যান সমস্যায় পড়বে।’
 
পক্ষান্তরে মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং ইয়াসির শাহকে নিয়ে সাজানো হতে পারে পাকিস্তানের বোলিং আক্রমণ বিভাগ এবং আকরামের ধারণা এ বোলাররা ইংল্যান্ডের ব্যাটিং টপ অর্ডারে গ্যারি ব্যালেন্সকে সমস্যায় ফেলতে পারে।
 
তিনি বলেন, ‘গ্যারি ব্যালেন্সকে আমি যতটা দেখেছি তিনি মূলত ব্যাক-ফুটের খেলোয়াড়। আমি আশা করবো পাকিস্তানি বোলাররা সেটা বুঝে বোলিং করবে এবং সেভাবে ফিল্ডিং সাজাবে।’