সন্ত্রাস, গুপ্তহত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১৪ দল আয়োজিত এক প্রতিরোধ সমাবেশ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে সভাপতিত্ব করবেন।
মোহাম্মদ নাসিমের নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষাধিক মানুষের সন্ত্রাস বিরোধী সমাবেশ করে বিশ্বকে জানান দিতে সকল প্রস্তুতি নিয়েছে ১৪ দল। প্রতিরোধ সমাবেশে ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যক্তি, দল, গোষ্ঠী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিত্সক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানান মোহাম্মদ নাসিম।
