নেপালের বিপক্ষে ম্যাচ বাতিল

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৯:৪৪
আগামী ১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি প্রদর্শনী ম্যাচ বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও খেলোয়াড়দের সার্বিক প্রস্ততিসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
 
বাফুফেকে ঈদের আগে দুটি প্রদর্শনী ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল নেপাল ফুটবল ফেডারেশন। তবে বাফুফে ঈদের পরবর্তী প্রথম কর্র্মদিবসে এটি চুড়ান্ত করার অনুরোধ জানিয়েছিল।
 
এরপর সার্বিক আলোচনার পর বাফুফে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে। আবু নাঈম সোহাগ বলেন, ‘প্রথমত, খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতি নিয়ে কথা। ঈদের ছুটির পর খেলোয়াড়রা হঠাং করে হার্ড ট্রেনিং করলেও মাত্র তিন দিনের প্র্যাকটিসে পুরো ম্যাচ ফিটনেস পাবে না। এছাড়া  বিপিএল ক্লাবগুলোরও আপত্তি আছে। সবকিছু মিলিয়ে আমরা এ ম্যাচ দুটো খেলতে অপারগতা প্রকাশ করেছি। তবে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার অগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছি।’