কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাদ্রাসাছাত্র শফিউল ইসলামের বাবা আবদুল হাইকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
এ ছাড়া শফিউলের মা শিউলি বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আবদুল হাইয়ের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় ২০১৪ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় শফিউল ইসলামের মা-বাবাকে আটক করে র্যাব। বৃহস্পতিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মারু পাড়া থেকে তাদের আটক হয়।
