জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় মহিলা পরিষদ এ প্রত্যয় ব্যক্ত করে।
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় নৃশংস হত্যাকাণ্ড, শোলাকিয়ায় ঈদের নামাজে অস্ত্রধারীদের হামলা, সাম্প্রতিক সময়ে পুরোহিত ও সেবায়েতকে হত্যাসহ ধর্মীয় সংখ্যালঘু, ভিন্ন মতাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। এ সময় মোমবাতি প্রজ্বলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় সমাজের মেধাবী তরুণ ছাত্র-ছাত্রী, বিদেশি বন্ধু এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা প্রাণ হারিয়েছেন। শোলাকিয়ার হামলায়ও প্রাণ হারিয়েছেন সাধারণ কিছু মানুষ। এদেশের নারী সমাজ এসব ঘটনায় মর্মাহত, শোকাহত।
তিনি বলেন, তরুণরা কোথায় যাচ্ছে, ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে তা লক্ষ্য রাখার দায়িত্ব পরিবারের পাশাপাশি রাষ্ট্র, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলের। তরুণরা কেন বিপথগামী হচ্ছে; রাষ্ট্র, সমাজ তাদের কিভাবে কাজে লাগাচ্ছে; তাদের কাছে প্রত্যাশা কি সেই বিষয়গুলোর প্রতি জাতি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোনো দল, ধর্ম, জাত এবং সম্প্রদায় নেই। কাজেই এখনই সময় জাতীয় ঐক্য গড়ে তোলার এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার কাজ করে যেতে হবে। আজকের সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে সংস্কৃতির চর্চা করতে হবে, অস্ত্রের চালান বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে মাদক ব্যবসা। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশ।
সভাটি সঞ্চালনকালে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, এই প্রতিবাদ সভার উদ্দেশ্য মানবতার শত্রু জঙ্গিবাদকে ধ্বংস করার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক মানবিক সমাজ গড়ে তোলা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগরের নেত্রীবৃন্দ।
