ফতুল্লায় শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চালু থাকলেও পোষ্ট অফিস সড়কের সংস্কার প্রকল্পটি আলোর মুখ দেখছে না। ফলে স্থানীয়দের দুর্ভোগ যেন আর শেষ হচ্ছে না।
ফতুল্লা পোষ্ট অফিস রোডটি দীর্ঘদিন যাবত্ চলাচল অযোগ্য হয়ে পড়ে আছে। বর্ষা এলে এ দুর্ভোগ আরো ভয়াবহ আকার ধারণ করায় এ সড়কে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়বে। এ ব্যাপারে সাংসদ শামীম ওসমানের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগী মহল।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় শত কোটি টাকার উন্নয়ন কাজ চললেও ওই সড়কের সংস্কার কাজের প্রকল্পটি বাস্তবায়নে কোনো সংস্থাই আগ্রহ দেখাচ্ছে না। সড়ক মেরামতের ব্যাপারে ইতিমধ্যে জেলা পরিষদের প্রকৌশলী ও এলজিইডি দপ্তরে যোগাযোগ করা হলেও কারো কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। তবে এই সড়কের বর্তমান চিত্র অনেক ভয়াবহ। প্রায় প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা ঘটছে। পায়ে হেঁটে এই সড়ক দিয়ে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়কের দু’পাশে ছোট-বড় কয়েক’শ শিল্প প্রতিষ্ঠান ও কয়েক হাজার বসতবাড়ি রয়েছে। যে কারণে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
