সাতক্ষীরা শহরের রসুলপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (২০)। তিনি শহরের রসুলপুর মধুমোল্লারডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, সোমবার ভোরে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, একদল মাদক ব্যবসায়ী শহরের রসুলপুর হাজীরবেড় সাকিনের গফুর সরদারের আম বাগানের মধ্যে অবৈধ মাদকদ্রব্য বেচা-কেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই পাইক দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত দেড়টার সময় পুলিশের এই দলটি ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে তাদের ওপর আক্রমন করে। পরপর কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে একজন মাদক ব্যবসায়ী আহত হন। অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।
তিনি আরো জানান, আহত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল ও বিষ্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।
আহত মাদক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসআই কামাল আরো জানান, আহত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য এনে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে তিনি বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদক ও বিষ্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে
বলে জানান তিনি।
