মেহেরপুরের মুজিবনগরে ভাবিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন দেবর। এ ঘটনায় গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘাতক দেবর পলাতক রয়েছেন। রবিবার দিবাগত রাতে রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ১০ টার দিকে রতনপুর গ্রামের বাবু মোল্লার স্ত্রী মনিরা খাতুনকে (২৩) স্বামী ও শ্বশুরের অনুপস্থিতিতে তার দেবর এরশাদ মোল্লা শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তাকে বাড়ির পাশে বাথরুমের কাছে ফেলে পালিয়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে বল্লভপুর মিশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খরব পেয়ে মুজিবনগর থানার পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে। গৃহবধূর স্বামী বাবু মোল্লা, শ্বশুর সারু মোল্লা ও শাশুড়ি কল্পনা খাতুনকে আটক করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল জানান, প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। লাশ মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
