রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় ওয়াজি উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়াজি উল্লাহর গ্রামে বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বালিয়াপুরে। তবে তিনি স্বপরিবারে রাজধানীর শনিরআখরা এলাকায় থাকতেন।
জানা যায়, ওয়াজি উল্লাহ কাকরাইল মসজিদে ৪০ বছর ধরে বয়ান দিয়ে আসছিলেন। সোমবার সকালে ওই মসজিদের সামনে তিনি চলাফেরা করছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, বৃদ্ধের লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।
