বগুড়া সদর উপজেলায় নিখোঁজের আট মাস পার সেপটিক ট্যাক থেকে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিহত গোলাম রসুল (১৬) শিবগঞ্জের গড় মহাস্থান উত্তরপাড়া এলাকার মিঠুন মোল্লার ছেলে।|
রবিবার বিকালে সদর উপজেলার গোকুল মন্ডলপাড়ার একটি সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার রাতে এলাকবাসী গোলাম রসুলের বন্ধু আদিবকে আটক করে গণপিটুনি দিলে হত্যার রহস্য উন্মোচন হয়। পরে তাকে পুলিশে দেয়া হয়।
রসুলের মা লাকী বেগম জানান, মিঠু দিনমজুর হিসেবে কাজ করতো। গত বছরের ২৮ নভেম্বর রাতে বন্ধুদের সঙ্গে স্থানীয় ঈদগাহ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।
তার বাবা মিঠু মোল্লা জানান, নিখোঁজের সাতদিন পর ৫ ডিসেম্বর শিবগঞ্জ থানায় বগুড়া সদরের গোকুল মন্ডলপাড়ার ওয়াহেদ আলীর ছেলে আকুল মিয়ার নামে স্থানীয় থানায় ডিজি করা হয়েছিল।
আদিব জানায়, গোকুল গ্রামের ওয়াহেদ আলীর ছেলে একাধিক মামলার আসামি আকুল মন্ডল এ হত্যার মূল পরিকল্পনাকারী। পূর্ব বিরোধের জের ধরে গোলাম রসুলকে হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ গুম করা হয়েছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে তার বেল্ট ও মানিব্যাগও উদ্ধার করা হয়েছে।’
