নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মোবাইল কোম্পানির কর্মকর্তাসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
এতে এয়ারটেল কোম্পানির এন আই সি শাহরিয়ার আহমেদ, বাংলালিংকের রেগুলেটরি অ্যাফেয়ার হোসনে আরা হক, ডিবি পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম, ডিবির ঝাড়দার মেহেদী হাসান মিন্টু, দুই পুলিশ কনস্টেবল হাওলাদার ওমর, রফিকুল ইসলাম ও তৎকালীন র্যাব-১১ তে কর্মরত হাবিলদার কামালউদ্দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষে আদালত আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
