কামারখন্দে কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৪:৩১

সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ডভ্যান চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করেন।

আরো পড়ুন : জাতীয় দলে ফিরেই ইনজুরিতে ডি মারিয়া

প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিক্যাল বোঝাই একটি কাভার্ডভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন আরো দুই পথচারী। দুর্ঘটনার পর  বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সড়ক অবরোধ করেন।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, কলেজছাত্রের নিহতের ঘটনায় এলাকাবাসী কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে।

 

ইত্তেফাক/ইউবি