ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয় দলের দুই মোড়লকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রামকান্তপুর গ্রামের মরহুম স্কুল শিক্ষক খায়রুল আলম এনায়েত ও তার সৎ ভাই হাফেজ জুনায়েত হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রবিবার সন্ধ্যায় দুই ভাইয়ের অনুগামী লোক লস্কর দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
