ইউরো ফাইনালের ম্যাচ সেরা পেপে

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৫:২৫
ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০১৬-র ফাইনালে অসাধারণ ডিফেন্সিভ কৌশলের কারণে ম্যাচ সেরা মনোনীত হয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র থাকার পরে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় এডারের গোলে পর্তুগালের শিরোপা নিশ্চিত হয়। 
 
রবিবার ফাইনালে প্রথমার্ধে ১৬ মিনিটে ইনজুরিতে আক্রান্ত হওয়া পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো আর খেলতে না পারায় বাকি সময়টা তাকে ছাড়াই লড়াই চালিয়ে যেতে হয়েছে সান্তোস শিষ্যদের। যদিও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আন্তোনি গ্রিজমানকে নিয়ে স্বাগতিক ফ্রান্সের প্রত্যাশাটা একটু বেশী ছিল। কিন্তু পেপে ও তার রক্ষণভাগের পার্টনার হোসে ফন্টে দারুণভাবে ফ্রান্সের বিপদজনক ফ্রন্টলাইনকে রুখে দিয়েছেন। 
 
তবে গ্রিজমানের একটি হেড পর্তুগীজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও রুখে না দিলে ও দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে আন্দ্রে-পিয়েরে গিগনাচের শট পোস্টে না লাগলে ফ্রান্সকে হয়ত হতাশায় ডুবতে হতো না। পুরো ম্যাচে পেপে ১২টি আক্রমণ ক্লিয়ার করেছেন ও তিনবার ফ্রেঞ্চ আক্রমণভাগকে রুখে দিয়েছেন। গোল.কম।