২০১৬-১৭ মৌসুমে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ব্র্যাড হগ। এর আগে পাঁচ মৌসুম তিনি পার্থ স্কোরচার্সের হয়ে খেলেছেন।
স্কোরচার্সের হয়ে ৫৪টি ম্যাচ খেলে ২৩.৬৬ গড়ে ৫১টি উইকেট দখল করেছেন এই বাঁহাতি।
ব্র্যাড হগ বলেন, ‘স্কোরচার্সে পাঁচটি অসাধারণ মৌসুম কাটাতে পেরে আমি সত্যিই গর্বিত। এখন সময় এসেছে অন্য কোন দলে যাবার, এটাই মূল কারণ। গত কয়েক বছরে আমি বিবিএল এর বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কিন্তু এবছর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলাম। মেলবোর্নের দুটি দলের মধ্যে প্রতিযোগিতা অনেক পুরনো। বিবিএল এ এখন আমিও তার অংশ হতে চাই। মেলবোর্নে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটা একটি অসাধারণ ক্লাব।
৪৫ বছর বয়সী হগ বিগ ব্যাশ ও ভারতীয় প্রিমিয়ার লিগে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। এই বছর আইপিএল এ তিনি সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় হগ অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৫টি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। হগকে দলে পেয়ে রেনেগেডসের কোচ ডেভিড সাকারও দারুণ সন্তুষ্ট। বিশেষ করে হগের অভিজ্ঞতা দলের জন্য দারুণ কাজে আসবে বলেই তিনি মনে করেন।
তবে পার্থ স্কোরচার্সের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার হগের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তার মতে হগ ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই ডেল স্টেইন কিংবা মর্নে মরকেলের মধ্যে যেকোন একজনকে দলে নেবার ব্যপারে ইঙ্গিত দিয়েছেন ল্যাঙ্গার।
