প্রথম বাংলাদেশি গলফার হিসেবে অলিম্পিকে সিদ্দিকুর

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১১:৪৭
 
ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি গলফার হিসেবে অলিম্পিকে খেলা নিশ্চিত করল বাংলাদেশ গলফ জগতকে আলোর মুখ দেখানো সিদ্দিকুর রহমান।অবশ্য শুধু গলফ নয়, দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে রিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন তিনি।
 
প্রথম গলফার হিসেবে অলিম্পিকের কোন আসরে সুযোগ পাওয়ার থেকেও গুরুত্ব ইতিহাস গড়েছেন সিদ্দিকুর। তিনি কোন ওয়াইল্ড কার্ড ছাড়াই নিজ যোগ্যতায় রিও অলিম্পিকে স্থান করে নিয়েছেন। নিয়ম অনুযায়ী, বিশ্ব র‍্যাংকিংয়ের ৬০ জনের মধ্যে থাকলেই অলিম্পিকের সরাসরি সুযোগ পেয়ে থাকেন গলফাররা। সেখানে বাংলাদেশের সিদ্দিকুরের বর্তমান র‍্যাংকিং দাঁড়িয়েছে ৫৬। অর্থাৎ, কোনরকম ওয়াইল্ড কার্ড ছাড়াই নিজের যোগ্যতা দিয়ে সুযোগ পেলেন তিনি।
 
আগস্টের ৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া ব্রাজিলের রিওতে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকের আসরে নিজেকে আরো বড় পরিসরে প্রমাণ করার সুযোগ পেলেন এই গলফার।
 
অন্যদিকে, অলিম্পিকের জন্য ওয়াইল্ড কার্ডের ভিত্তিতে সুযোগ পেয়েছেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং সোনিয়া আক্তার টুম্পা। তারও আগে শ্যুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি ও আর্চারীতে শ্যামলী রায় সুযোগ পান।
 
উল্লেখ্য, ১৯০৪ সালের পর আবার অলিম্পিক গেমসে ডিসিপ্লিন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে গলফ।