দেশের বিচার ব্যবস্থায় ই-জুডিশিয়ারি ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীরা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে মামলার বৃত্তান্ত জানতে পারবেন। বিচার ব্যবস্থায় ডিজিটালাইজেশন নিশ্চিতে ১৫৬ বছরে প্রাচীন ব্যবস্থা ভেঙে আধুনিক তথ্য-প্রযুক্তির এই সেবা চালুর প্রক্রিয়া চলছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার জানান, ই-জুডিশিয়ারি ব্যবস্থা চালুর প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলাকে পাইলট প্রকল্পের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলাতেই এ ব্যবস্থা চালু করা হবে। ন্যায়বিচার নিশ্চিত, মামলা জট নিরসন ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। প্রকল্প প্রস্তাবনা অনুসারে ঢাকা, কুমিল্লা, চট্রগ্রাম, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া, গোপালগঞ্জ, নাটোর, যশোর, মৌলভীবাজার এবং রংপুর-এই ১০ জেলায় পাইলট প্রকল্পের আওতায় আনা হচ্ছে। সুপ্রিমকোর্ট ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই প্রকল্প বাস্তবায়ন করবে।
ই-জুডিশিয়ারি কার্যকর হলে বিচারপ্রার্থীরা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে মামলার গতি-প্রকৃতি ও রায় জানতে পারবেন। অন্যদিকে মামলার তথ্য সংরক্ষণের মাধ্যমে অত্যন্ত কম সময়ের মধ্যে উচ্চ আদালত ও নিম্ন আদালতের মধ্যে বিচার সংশ্লিষ্টরা পারস্পারিক কার্যক্রম সম্পাদন করতে পারবেন। এছাড়াও পুরাতন মামলার রের্কড এবং সংশ্লিষ্ট রায় ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে।-বাসস।
