মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আগামী ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
তারা হলেন-ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নান, হান্নানের ছেলে মো. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, মিজানুর রহমান মিন্টু, মো. হরমুজ আলী, মো. ফখরুজ্জামান, মো. আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।
এর আগে সোমবার আটজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আদেশ দেয়।
চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম- এ সাত ধরনের অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ঐ বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে এ বছরের ১১ জুলাই শেষ করে তদন্ত সংস্থা।
