বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা-রণবীর?

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:৩১
বলা মুশকিল, গুজব নাকি পাকা খবর। খবরটা কী? খবরটা হল, আগামী বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং!
 
বলিউডে হরহামেশাই তারকাদের বিয়ে নিয়ে খবর তৈরি হয়। তার উপর দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের মতো জুটি, যারা নিজেদের ভালবাসা গোপন রাখেননি, তাদের নিয়ে তো এমন খবর তৈরি হবেই! তবে, এবারের খবরটায় কিছু সত্যতা থাকলেও থাকতে পারে। আর সেজন্যই পাঠকদের এই তথ্য জানানো।
 
জানা গেছে, দীপিকা এবং রণবীর তো বটেই, সঙ্গে দুই পরিবারও আপাতত রয়েছেন বিদেশে। তবে ছুটি কাটাতে নয়। দুই পরিবার এখন তাদের ছেলে-মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। তার প্রাথমিক প্রস্তুতি সারতেই এই বিদেশযাত্রা।
 
দীপিকা-রণবীরকে নিয়ে কোথায় গিয়েছে দুই পরিবার? কানাঘুষা বলছে, সবাই এখন আছেন অস্ট্রিয়ায়। ভিভামেয়ার স্পা-তে!
 
হঠাৎ কেন দুই পরিবারের এই স্পা-যাত্রা? নায়ক-নায়িকার ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, বিয়ের আগে ফিটনেস ঠিকঠাক রাখতেই এই অস্ট্রিয়া-ভ্রমণ! বিয়ের দিন দ্রুত সামনে এগিয়ে আসছে। সেটা চলতি বছরের শেষ এবং আগামী বছরের শুরুতেই।
 
এমন কথাও শোনা যে, ইতোমধ্যেই নাকি বাগদান সেরে ফেলেছেন দীপিকা-রণবীর! দুই পরিবারের উপস্থিতিতে, একটা ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাঙ্গ হয়েছে সেই বাগদান-পর্ব।
 
এই নিয়ে সাংবাদিকরা রীতিমতো জেরাও করেছেন দীপিকা আর রণবীরের পরিবারকে। প্রত্যুত্তরে তারা ‘হ্যাঁ’-ও বলেননি, আবার খবরটা অস্বীকারও করেননি পুরোপুরি।